দূরযাত্রা রিপোর্টঃ জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, গ্রাম আদালতকে সক্রিয় করতে ইউনিয়ন পরিষদ পর্যায়ে সঠিক প্রয়োগ নিশ্চিত করা জরুরি। ন্যায়বিচার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গ্রাম আদালতকে শক্তিশালী করতে হবে। গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে ঝালকাঠিতে অনুষ্ঠিত বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল ২০ আগস্ট সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. কাওছার হোসেনের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বেলা। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা সভায় অংশ নেন।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ু ৩য় পর্যায় প্রকল্পের অংশ, যা স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হচ্ছে। সভায় অন্যান্য বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম তৃণমূলের মানুষের কাছে আরও সহজলভ্য ও কার্যকর করার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।




