নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতাঃ নলছিটিতে পুলিশের ভুয়া আইডি কার্ডসহ ডাকাতি মামলার আসামি রিয়াজ হোসেন ওরফে রিয়াজুলকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ২ সেপ্টেম্বর দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি ২টি ডাকাতিসহ ৫টি মামলার আসামি। নলছিটি থানায় তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে। বাকি ৪টি মামলা দেশের বিভিন্ন থানায়।
এরআগে ১ সেপ্টেম্বর বিকেলে উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার রিয়াজ হোসেন ওই এলাকার আবুল হোসেন হাওলাদার ওরফে আবু ড্রাইভারের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, আসামি রিয়াজের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড ও স্টিক উদ্ধার করা হয়েছে।




