দূরযাত্রা রিপোর্ট ঃ ঝালকাঠিতে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর গ্রুপ পর্বের ম্যাচে স্বাগতিক ঝালকাঠি ও পটুয়াখালী মুখোমুখি হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর বিকেলে ঝালকাঠি পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে দুই দল ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথভাবে আয়োজন করছে এই আসর, যা তারুণ্যের উৎসব এর অংশ হিসেবে দেশের ৬৪ জেলা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক রাউন্ডে ৮টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিটি জেলা অংশ নিচ্ছে। প্রতিটি গ্রুপের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের স্মরণে।
খেলার আগে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক কাওছার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধে পটুয়াখালী এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ঝালকাঠি সমতায় ফেরে। শেষ পর্যন্ত সমানতালে লড়াই করে দুই দলই একটি করে গোল দিয়ে পয়েন্ট ভাগাভাগি করে নেয়।




