দূরযাত্রা রিপোর্টঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, দেশের সর্বস্তরের শিক্ষকদের ন্যায্য দাবি ও আন্দোলনের সঙ্গে তারা নীতিগতভাবে একমত। দলটি বলেছে, শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন ও শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা ছাড়া জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
গত ১৮ অক্টোবর দলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগতভাবে একমত।’
বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের অগ্রাধিকার হলো শিক্ষকদের যুক্তিসঙ্গত আর্থিক সুবিধার নিশ্চয়তাসহ চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাঁদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে যত উদ্যোগই নেওয়া হোক না কেন, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না করা গেলে কখনোই কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।’
বিএনপি মহাসচিব জানান, ‘জনগণের ভোটে বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা যদি পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তবে আসন্ন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে বিএনপি কাউকে ছাড় দেবে না।




