দূরযাত্রা রিপোর্ট |
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হয়েছেন জাতীয় ক্রিকেটার – ঝালকাঠির সন্তান তৌহিদুল ইসলাম রাসেল।
গত ১৮ অক্টোবর বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আমিনুল হকের স্বাক্ষরিত এক চিঠিতে ১৩১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির আহ্বায়ক হয়েছেন এ কে এম রাহুল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহেদ পারভেজ চৌধুরী।
তৌহিদুল ইসলাম রাসেল একসময় জাতীয় ক্রিকেট দলে খেলেছেন। তিনি বাংলাদেশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষেও আন্তর্জাতিক ম্যাচে অংশ নেন। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি গভীর অনুরাগী রাসেল পরবর্তীতে বিএনপি’র রাজনীতির সাথেও সক্রিয়ভাবে যুক্ত হন।
ঝালকাঠি ক্রীড়া অঙ্গনে তার অবদান দীর্ঘদিনের। স্থানীয় পর্যায়ে তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করা ও ক্রীড়ার মানোন্নয়নে তিনি নানা উদ্যোগে যুক্ত ছিলেন।
রাসেল নির্বাচিত হওয়ায় স্থানীয় ক্রীড়ামহল, রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সবাই আশা করছেন, তিনি কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব নিয়ে ঝালকাঠি ক্রীড়াঙ্গনের উন্নয়নে আরও অগ্রণী ভূমিকা রাখবেন।




