কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা :
ঝালকাঠির কাঠালিয়ায় বিদ্যালয়ের নাম মুছে ব্যক্তির নাম লেখার অভিযোগ ও এনটিআরসি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কাছে চাঁদা দাবির প্রতিবাদে শিক্ষক-কর্মচারীরা সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে কাঠালিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম খান। তিনি অভিযোগ করেন, স্থানীয় বাসিন্দা এনায়েত জমাদ্দার বিদ্যালয়ের ভবনের নাম মুছে নিজের নাম লিখে রাখেন। পাশাপাশি এনটিআরসি নিয়োগপ্রাপ্ত তিন শিক্ষক—রেজওয়ান হাসান, হাসান জমাদ্দার ও সিনিগ্ধা আক্তারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি ও তার সহযোগীরা।
অভিযোগে বলা হয়, টাকা না দেওয়ায় বিদ্যালয়ের মাঠের পাশে লাগানো গাছপালা নষ্ট করা হয় এবং ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানো হয়। এ ঘটনায় স্থানীয় প্রশাসনকে জানানো হলেও চাঁদাবাজ চক্রের কার্যক্রম থামছে না বলে অভিযোগ করেন শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে নবনিযুক্ত শিক্ষক রেজওয়ান হাসান, হাসান জমাদ্দার, শিমু আক্তারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।




