দূরযাত্রা রিপোর্ট :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া হাসপাতালসংলগ্ন ধোপার নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত শেষের দাবিতে মানববন্ধন, র্যালি ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। দীর্ঘদিন ধরে সেতুর কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে রয়েছেন স্থানীয় মানুষ।
সোমবার সকাল ১১টার দিকে ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। ধোপার নদীর সেতুসংলগ্ন সড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ২০২১–২২ অর্থবছরে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজের ২০ শতাংশও শেষ হয়নি। ঠিকাদার কাজ ফেলে উধাও হয়ে গেছেন। ফলে এলাকার মানুষ প্রতিদিন ভাঙাচোরা কাঠের সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
তাঁরা আরও জানান, এই সেতুর ওপর নির্ভর করে প্রতিদিন নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, আমুয়া হাসপাতালের রোগী, আমুয়া বন্দরসহ তিনটি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশনের সভাপতি মো. মেহেদী হাসান, আমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঠালিয়া উপজেলা আমির মাস্টার মো. মজিবুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, যুবদল নেতা তুহিন মিয়া, শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষার্থী সামিরা আক্তার ও অরিন্দ্র মজুমদার প্রমুখ।
#




