কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাত্র ১৭০ টাকা হারানোকে কেন্দ্র করে মাদ্রাসাপড়ুয়া এক কিশোরীকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লামিয়া আক্তার (১৪) উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। তিনি অভিযুক্ত জাকির হোসেন খানের বড় ভাই ফারুক খানের সৎ মেয়ে।
পুলিশ ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, পকেট থেকে ১৭০ টাকা হারানোকে কেন্দ্র করে লামিয়ার মা লিলি বেগমের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর শুরু করেন অভিযুক্ত জাকির হোসেন খান। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে এলে লামিয়াকেও শাবল দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা আহত মা-মেয়েকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসকরা লামিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লিলি বেগম বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করে পুলিশে সোপর্দ করে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছেন।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের মোহাম্মদ রায়হান বলেন, “এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
#




