দূরযাত্রা রিপোর্ট :
শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধি ও পাঠাভ্যাস উন্নয়নের লক্ষ্যে ঝালকাঠিতে রিফ্রেশার ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রুম টু রিড বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার নির্বাচিত ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।
গত ২৯ ডিসেম্বর (সোমবার) বিকেলে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পাঠাভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। প্রাথমিক স্তরেই যদি শিশুরা আনন্দের সঙ্গে বই পড়ার অভ্যাস তৈরি করতে পারে, তাহলে তাদের চিন্তা-ভাবনা ও সৃজনশীলতা অনেক দূর এগিয়ে যাবে। এ ক্ষেত্রে রুম টু রিডের মতো সংস্থার কার্যক্রম প্রশংসনীয়।

অনুষ্ঠানের শুরুতে রুম টু রিড বাংলাদেশের ডিরেক্টর (লিটারেসি) মাজহারুল করিম প্রতিষ্ঠানটির কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন, শিশুদের পড়তে শেখানো শুধু নয়, পড়ার আনন্দ তৈরি করাই রুম টু রিডের মূল উদ্দেশ্য। পাঠাভ্যাস গড়ে উঠলে শিশুরা আজীবন শেখার পথে এগিয়ে যেতে পারে।
তিনি জানান, ‘পড়ে শেখা, পড়তে শেখা’—এই প্রতিপাদ্য সামনে রেখে ২০০০ সালে বিশ্বব্যাপী যাত্রা শুরু করে রুম টু রিড। বাংলাদেশে ২০০৯ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত দেশের ৮টি জেলার প্রায় ২ হাজার ৭০০ স্কুলে ২০ লাখ শিশুকে শিক্ষা সহায়ক উপকরণ প্রদান করা হয়েছে। ঝালকাঠিতে ২০২৫ সাল থেকে জেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে রুম টু রিড বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম মজুমদার।
তারা বলেন, শিক্ষকরা প্রশিক্ষণের মাধ্যমে নতুন অভিজ্ঞতা ও কৌশল অর্জন করলে তা সরাসরি শিক্ষার্থীদের শেখার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
#




