জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। ছয় মাস মেয়াদি এ কমিটিতে মাইনুল ইসলাম মান্নাকে আহ্বায়ক এবং জুবায়ের হাওলাদারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) রাতে দলের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে হাবিবুর রহমানকে। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মাসুম বিল্লাহ, জুয়াইরিয়া, আব্দুল রাজ্জাক, হারুন আর রশিদ, আবুল কালাম আজাদ, কামরুজ্জামান ও তানিম আহম্মেদ।
এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মাছুম বিল্লাহ ও মুয়াবিয়া মাকনুন। যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার, আব্দুল্লাহ আল মাসুম, এমরান হোসেন, মো. নুর ইসলাম, ফোরকান হোসেন ও মিন্টু হাওলাদার।
কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তারিকুল ইসলামকে। সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাইয়ান সাইয়ান, টুটুল মিয়া, কিসলু হাসান, ফরিদ হোসেন, রাসেল হোসেন, মাহিয়া আক্তার আন্নি, হানিফ ও হাসান।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে মারিয়া আক্তার, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক বাপ্পি দাস এবং কোষাধ্যক্ষ হিসেবে আব্দুল লতিফকে মনোনীত করা হয়েছে। কমিটিতে আরও ৪৪ জনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত এই কমিটির মাধ্যমে ঝালকাঠি জেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতারা।
নবনিযুক্ত আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না বলেন,
“জাতীয় নাগরিক পার্টির আদর্শকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। ঝালকাঠিকে একটি শক্তিশালী ও সংগঠিত জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এনসিপি সবসময় রাজপথে থাকবে।”
তিনি আরও বলেন,
“নবগঠিত এই কমিটিতে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, সবাই নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। আগামী দিনে ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টিকে একটি কার্যকর ও জনবান্ধব রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা হবে।”
#




