দূরযাত্রা রিপোর্ট :
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি অবৈধ ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পৌরসভার অনুরাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবলি ইয়াসমিন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ অনুযায়ী নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনার অভিযোগ প্রমাণিত হওয়ায় উপধারা ৮-এর আওতায় এ জরিমানা করা হয়।
এ সময় তিলক ব্রিকস নামের একটি ইটভাটাকে ১ লাখ টাকা এবং রিয়াজ ব্রিকস নামের অপর একটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
#




