দূরযাত্রা রিপোর্ট :
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সাধারণ মানুষকে ভোট প্রক্রিয়া ও সংস্কার প্রস্তাব সম্পর্কে অবহিত করতে ঝালকাঠির রাজাপুর উপজেলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) রাজাপুর উপজেলার কৈবর্তখালী আবাসনে জেলা তথ্য অফিস, ঝালকাঠি ও উপজেলা প্রশাসন রাজাপুরের যৌথ ব্যবস্থাপনায় এই উঠান বৈঠক আয়োজন করা হয়। এতে গণভোটের প্রস্তাবিত সংস্কার বিষয়বস্তু, ভোট প্রদানের নিয়ম এবং ভোটারদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা তথ্য অফিসার লেলিন বালা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিফাত আরা মৌরি বলেন, গণভোটে চারটি মৌলিক ও রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব জনগণের মতামতের জন্য উপস্থাপন করা হয়েছে। এসব প্রস্তাবের মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনা কাঠামোকে আরও গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই জাতীয় সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা। একই সঙ্গে আগামী জাতীয় সংসদকে দুই কক্ষবিশিষ্ট করার প্রস্তাব রাখা হয়েছে, যেখানে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠন করা হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।

এছাড়া সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার সুরক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং রাষ্ট্রপতির ক্ষমতাসহ জুলাই জাতীয় সনদে উল্লেখিত ৩০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য বাস্তবায়নের বিষয়টি গণভোটের গুরুত্বপূর্ণ অংশ বলে জানান তিনি। এসব সংস্কার বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে বলেও উল্লেখ করেন ইউএনও।
বক্তব্যে আরও বলা হয়, জুলাই জাতীয় সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
উঠান বৈঠকে অংশগ্রহণকারী ভোটারদের উদ্দেশে জানানো হয়, গণভোটে প্রস্তাবগুলোর পক্ষে মত দিতে চাইলে ব্যালট পেপারে ‘হ্যাঁ (✔)’ এবং বিপক্ষে মত দিতে চাইলে ‘না (X)’ চিহ্নে সিল দিতে হবে।
সমাপনী বক্তব্যে জেলা তথ্য অফিসার লেলিন বালা বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোটের বিষয়বস্তু ও ভোট প্রদানের নিয়ম সম্পর্কে জনগণকে জানাতেই এই উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ভোট দেওয়া একটি নাগরিক দায়িত্ব, তাই সবাইকে জেনে-বুঝে এবং সচেতনভাবে গণভোটে অংশগ্রহণ করতে হবে।
#




