দূরযাত্রা রিপোর্ট :
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর উদ্যোগে ঝালকাঠিতে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় ঝালকাঠি সার্কিট হাউজের সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. কাওছার হোসেন।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ও ঝালকাঠি প্রেসক্লাবের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৫০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল রিপোর্টিং নিশ্চিত করাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
প্রশিক্ষণের প্রথম দিনের সেশনে ‘গণভোট-২০২৬ ও সংসদ নির্বাচন: দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক প্রশিক্ষণ উপস্থাপন করেন দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ। তিনি নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং নির্বাচনকালীন সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এছাড়া ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি আককাস সিকদারের সভাপতিত্ব ও পরিচালনায় পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক, তথ্য যাচাই, নির্বাচনী অনিয়ম চিহ্নিতকরণ এবং নৈতিক সাংবাদিকতার চর্চা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল, আচরণবিধি, নির্বাচনী আইন, সাংবাদিকদের দায়িত্ব ও শারীরিক ও ডিজিটাল নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে তুলে ধরা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
#




