দূরযাত্রা রিপোর্ট :
হাদি হত্যার বিচার দাবি করলেই একটি পক্ষ আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্বাচন বানচালের অভিযোগ তুলছে বলে মন্তব্য করেছেন শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় বোন মাসুমা হাদি। তিনি বলেন, “আমরা নয়, বরং তারাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। ভারত চায় না এই দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক।”
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নলছিটির বিজয় উল্লাস চত্বরে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাসুমা হাদি বলেন, নির্বাচনের পর যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার তাদের করতেই হবে। তিনি বলেন, “আমরা ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ চাই। বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।”
তিনি আরও বলেন, ন্যায়বিচারের দাবি কখনোই নির্বাচনবিরোধী আন্দোলন হতে পারে না। বিচার চাওয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, যা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পাশাপাশি নলছিটি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
#




