Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

প্রস্তুত ঝালকাঠির ভোটকেন্দ্রগুলো ২৩৭ কেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তায় সাড়ে চার হাজার সদস্য

দূরযাত্রা রিপোর্ট :


‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সকল ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

‎আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভোটগ্রহণকে সামনে রেখে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জেলার ২৩৭টি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

‎সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বুধবার সকালে উপজেলার ৭৭টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। একইভাবে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনের ৯০টি এবং সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনের ১৩৭টি কেন্দ্রেও সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে সরঞ্জাম বুঝিয়ে দেন। পরে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

‎জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, দুই আসনে মোট ২৩৭টি স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে, অস্থায়ী কেন্দ্র নেই। মোট ভোটকক্ষ ১ হাজার ৩৩৫টি, যার মধ্যে ১ হাজার ২৪৯টি স্থায়ী এবং ৮৬টি অস্থায়ী। জেলার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ১ হাজার ৮৭৭ জন, নারী ২ লাখ ৯১ হাজার ৯৪৫ জন এবং হিজড়া ভোটার ৪ জন। উপজেলা ভিত্তিতে রাজাপুরে ২ লাখ ২৮ হাজার ৪৩০ জন, সদর উপজেলায় ১ লাখ ৮৮ হাজার ৫৩৫ জন এবং নলছিটিতে ১ লাখ ৭৬ হাজার ৮৬১ জন ভোটার রয়েছেন। গড়ে প্রতি কেন্দ্রে প্রায় আড়াই হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

‎নির্বাচন কমিশন জেলার ১৩৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে ৮৩টি গুরুত্বপূর্ণ ও ৫০টি অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশ ও ১৫ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ২৩৭টি কেন্দ্রের সার্বিক নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ মোট ৪ হাজার ৫৭৯ জন সদস্য দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনী ও নৌবাহিনী টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে।

‎ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, জেলার দুই আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, সিসিটিভি স্থাপন এবং সরঞ্জাম বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত দিনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

‎সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে গণভোট ও সাধারণ ভোটের ব্যালটসহ সব সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে। বিকেলের মধ্যেই সব কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে গেছে। সংশ্লিষ্টদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

‎উল্লেখ্য,  ঝালকাঠি-০১ আসনে ১০ জন প্রার্থী এবং ঝালকাঠি-০২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, জেএসডি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলীয়, জোটভুক্ত ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১৮ জন প্রার্থী মাঠে রয়েছেন। তাদের মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন।

‎প্রশাসনিক কাঠামো অনুযায়ী জেলায় চারটি উপজেলা— রাজাপুর, কাঁঠালিয়া, ঝালকাঠি সদর ও নলছিটি। দুটি পৌরসভা ও ৩২টি ইউনিয়ন-ওয়ার্ড নিয়ে গঠিত এ জেলায় নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জেলা প্রশাসন আশাবাদী, আগামীকাল ১২ তারিখ নির্ধারিত সময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
‎#