ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা ১২টায় বিদ্যালয়ের কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেগুফতা মেহনাজ। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে ঈদের নতুন পোশাক ও বিভিন্ন ঈদ সামগ্রী তুলে দেন। পাশাপাশি উপজেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটিয়ে ঈদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দাতা সদস্য আজমীর হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুফা বেগম ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন তালুকদার।
বিদ্যালয়ের ৮৫ জন শিক্ষার্থীর মাঝে ঈদের নতুন পোশাক ও বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেগুফতা মেহনাজ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের সবাইকে এগিয়ে আসা উচিত। বিশেষ চাহিদাসম্পন্ন এসব শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।
তিনি আরও বলেন, ভালোবাসা ও সহযোগিতা পেলে এসব শিশুরাও সমাজের মূলধারায় নিজেদের জায়গা করে নিতে সক্ষম হবে। তাই সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
#




