দূরযাত্রা রিপোর্ট :
ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে একটি কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) জেলার গাবখান ধানসিঁড়িটি ইউনিয়নের দেউলকাঠি মন্ডল বাড়িতে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার লেলিন বালা। তিনি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, নারীদের জন্য যানবাহন সুবিধা, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন, ডেঙ্গু প্রতিরোধ, গুজব প্রতিরোধ এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখাসহ নৈতিকতার পুনর্জাগরণ বিষয়গুলো তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে খাল খনন কর্মসূচির উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে নেওয়া পদক্ষেপ সম্পর্কেও জনগণকে অবহিত করা হয়।
জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চারুখান মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পরিতোষ মন্ডল।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।
সভা শেষে অংশগ্রহণকারীদের জন্য সচেতনতামূলক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
#




