দূরযাত্রা রিপোর্ট :
ঝালকাঠিতে এলজিইডির একটি টেন্ডারে অংশ নেওয়াকে কেন্দ্র করে ফয়েজ ইফতেখার রনী (৪৯) নামে এক ঠিকাদারকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার (১৮ মার্চ) তিনি ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৫৫) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি ঝালকাঠি এলজিইডির ৩০ গ্রুপের একটি কাজের টেন্ডারে অংশ নিয়ে সিডিউল ড্রপ করেন রনী। টেন্ডারটি বর্তমানে মূল্যায়নের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে গত ১৫ মার্চ রাত প্রায় ৯টা ২০ মিনিটে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে।
অভিযোগ অনুযায়ী, কল রিসিভ করার পর অপর প্রান্তের অজ্ঞাত এক ব্যক্তি তাকে অশোভন ভাষায় গালিগালাজ করে এবং এলজিইডির টেন্ডারে অংশ নেওয়ার কারণ জানতে চায়। একপর্যায়ে তাকে কৃষ্ণকাঠি এলাকায় যেতে বলে এবং “চেহারা দেখে নেওয়া” ও “কাজ করার শখ মিটিয়ে দেওয়া হবে” বলে প্রাণনাশের হুমকি দেয়। পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি নিজের নাম প্রকাশ না করে “নাম্বারটাই আমার পরিচয়” বলে কলটি কেটে দেয়।
ভুক্তভোগী ফয়েজ ইফতেখার রনী বলেন, “হুমকির পর থেকে আমি ভীত অবস্থায় আছি। এলজিইডিতে যেতেও ভয় পাচ্ছি। সেখানে গেলে আমার জীবনের ঝুঁকি রয়েছে বলে মনে করছি।”
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
#




