দূরযাত্রা রিপোর্ট |
ঝালকাঠি সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে মাত্র কয়েকদিন আগে ‘বাসন্ডা কলেজ’ রাখার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। তারা কলেজটির নতুন নাম বাতিল করে ‘ঝালকাঠি সিটি কলেজ’, ‘ঝালকাঠি মডেল কলেজ’ অথবা ‘ঝালকাঠি ডিগ্রি কলেজ’ নাম রাখার দাবি জানিয়েছেন।
গত ১৯ অক্টোবর সকালে কলেজ ক্যাম্পাসের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে নতুন নামের প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন এবং পুরনো নাম পুনর্বহালের দাবি জানান।
অংশগ্রহণকারীরা বলেন, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রেরিত এক আদেশে কলেজটির নাম পরিবর্তন করে ‘বাসন্ডা কলেজ’ করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ঝালকাঠির এই শিক্ষাপ্রতিষ্ঠানের নামের সঙ্গে ‘ঝালকাঠি’ শব্দটি যুক্ত থাকলে প্রতিষ্ঠানের মর্যাদা ও পরিচিতি আরও বৃদ্ধি পাবে। এজন্য তারা কলেজটির নাম পুনর্বিবেচনার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।
পরে সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বরিশাল -খুলনা মহাসড়কের কলেজের সামনের অংশের সড়ক অবরোধ করেন, এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে কলেজের নাম পুনঃনির্ধারণের দাবিতে লিখিত আবেদন জমা দেয়।




