নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা :
ঝালকাঠির নলছিটিতে অবৈধভাবে সুগন্ধা নদীর পাড় থেকে মাটি কাটার দায়ে ‘গাজী ব্রিকস’ নামের একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। ২৫ অক্টোবর বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে গাজী ব্রিকসের পক্ষ থেকে বাপ্পী গাজীকে পাওয়া যায়। ওই সময় ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এস্কেভেটর জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ বলেন, নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটায় পরিবেশ ও জনস্বার্থের মারাত্মক ক্ষতি হচ্ছে। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ আইন অমান্য করে কেউ মাটি কাটলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
#




