দূরযাত্রা রিপোর্ট :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা জনসংযোগ করেছেন। সোমবার (১০ নভেম্বর) বিকেলে তিনি এই কর্মসূচি পালন করেন।
রাজাপুরে পৌঁছে সেলিম রেজা প্রয়াত বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনের কবর জিয়ারত করেন। পরে তিনি রাজাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নৈকাঠিতে অবস্থান নেন এবং সেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, প্রয়াত নাসিম আকনের বড় ভাই ফিরোজ আকন, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা শিকদারসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমি দেশের বাইরে থাকলেও আন্দোলনের অংশ হিসেবে কাজ করেছি। আমার মা তখন অসুস্থ ছিলেন, দেশে ফিরতে চাইলেও পারিনি—কারণ ফ্যাসিস্ট হাসিনার সরকার আমাকে দেশে ফিরতে দেয়নি। তবুও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমি আন্দোলন চালিয়ে গেছি।
তিনি আরও বলেন, খুব শিগগিরই বিএনপি থেকে ঝালকাঠি-১ আসনের মনোনয়ন দেওয়া হবে। আমি সবাইকে অনুরোধ করছি—ঐক্যবদ্ধ থাকুন। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই মিলে তার পক্ষেই কাজ করবো। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত করে এই আসন জাতীয়তাবাদী শক্তির উপহার হিসেবে দেবো।
#




