দূরযাত্রা রিপোর্ট
ঝালকাঠি–বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় আওয়ামী লীগের অবরোধের পক্ষে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগের দুই যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার সকালে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ সক্রিয় হয়।
স্থানীয়রা জানান, সকালে চার যুবক মোটরসাইকেলযোগে মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে দ্রুত স্থান ত্যাগ করেন। মুহূর্তেই ওই ঘটনার ছবি–ভিডিও অনলাইনে ভাইরাল হয়।
পরে দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাবখান সেতুর পশ্চিম প্রান্ত থেকে দুইজনকে মোটরসাইকেলসহ আটক করে সদর থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—ধানসিঁড়ি ইউনিয়নের বারেকের ছেলে টিপু হাওলাদার, যিনি উপজেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য; এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পারদেশীপুর ইউনিয়নের আনোয়ারের ছেলে ওলি, যিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক কোষাধ্যক্ষ।
ঘটনা বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়েছে। তারা সকালে সড়কে আগুন দেওয়ার ঘটনায় জড়িত কিনা—জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।
#




