দূরযাত্রা রিপোর্ট :
ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নের কৃষ্ণকাঠি ৭নং ওয়ার্ডে রানার দোকান থেকে মো. জুয়েল খানের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক দীর্ঘদিন অবহেলায় পড়ে ছিল। প্রায় ১০ বছর ধরে রাস্তা বর্ষায় পানিতে তলিয়ে যেত, কাদা জমে চলাচল অসুবিধা হতো, এমনকি কোনো ধরনের যানবাহন চলাচলেরও উপযোগী ছিল না। এ রাস্তাটির কারণে অন্তত ১০০টি পরিবার দীর্ঘদিন ভোগান্তির শিকার ছিল।
কোনো সরকারি বরাদ্দ না পেয়ে অবশেষে এলাকাবাসী নিজেদের উদ্যোগেই সড়কটির সংস্কার কাজ শুরু করেন। স্থানীয়রা জানান, প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে তারা নিজেরাই রাস্তা সংস্কার সম্পন্ন করেছেন।
স্থানীয় বাসিন্দা মো. জুয়েল খান বলেন, রাস্তার দুরবস্থার কারণে ১০ বছর ধরে আমরা সীমাহীন কষ্ট করেছি। বর্ষায় হাঁটাও কষ্টকর হয়ে যেত। শেষ পর্যন্ত সবাই মিলে কাজ শুরু করায় এবার স্বস্তি ফিরেছে।
আরেক বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, চেয়ারম্যান-মেম্বারদের কাছে বহুবার বলেছি। কাজ না হওয়ায় আমরা নিজেরাই টাকার ব্যবস্থা করে রাস্তা সংস্কার করেছি।
স্থানীয় তরুণ রিয়াজুল ইসলাম বলেন, শতাধিক পরিবারের দুর্ভোগ দূর করতে আমরা একসঙ্গে উদ্যোগ নিয়েছি। রাস্তা সংস্কারের পর এখন সবাই স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে।
এ বিষয়ে বাসন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য মো. কবির হোসেন বলেন, ওই রাস্তার জন্য আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু কোনো বরাদ্দ পাইনি। পরে শুনেছি স্থানীয়রা নিজেরাই রাস্তা সংস্কার করেছেন। ভবিষ্যতে বরাদ্দ পেলে আমরা অবশ্যই এটি স্থায়ীভাবে সংস্কার করে দেবো।
#




