দূরযাত্রা রিপোর্ট :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে জেলা তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় স্ক্রিনে ভিডিও প্রদর্শনের মাধ্যমে সাধারণ জনগণকে ভোটের গুরুত্ব ও সঠিক প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে জনসাধারণের উদ্দেশ্যে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়। এ সময় ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা, ভোট প্রদানের সঠিক নিয়ম, শান্তিপূর্ণ পরিবেশে ভোটে অংশগ্রহণ এবং গুজব থেকে সতর্ক থাকার বিষয়ে বিভিন্ন তথ্যচিত্র দেখানো হয়।
জেলা তথ্য অফিস সূত্র জানায়, আসন্ন নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটারদের অংশগ্রহণ বাড়ানো এবং সচেতন সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য জনবহুল স্থানেও এ ধরনের ভিডিও প্রদর্শন কার্যক্রম চালানো হবে।
স্থানীয়রা জানান, উন্মুক্ত স্থানে বড় পর্দায় এমন তথ্যভিত্তিক ভিডিও প্রদর্শনের ফলে সাধারণ মানুষ সহজেই বিষয়গুলো বুঝতে পারছেন, যা ভোটার সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
#




