নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা :
ঝালকাঠির নলছিটিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে নলছিটি থানাধীন রানাপাশা ইউনিয়নের চর কাঠিপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে দুই যুবক চর কাঠিপাড়ার অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে সেখানে পৌঁছে দুইজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন—এফ এম ইমন হোসেন (১৯) ও মো. মোস্তফা ফকির (২১)। এ সময় উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালিয়ে এফ এম ইমন হোসেনের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা ইয়াবা ঘটনাস্থলেই জব্দ করা হয়। আটক দুই যুবকই নলছিটি উপজেলার ভেরনবাড়ীয়া এলাকার বাসিন্দা।
এ বিষয়ে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে”।
#




