দূরযাত্রা রিপোর্ট :
পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি সরকারের পাঠানো উপহারের খেজুর ঝালকাঠি সদর উপজেলায় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) ঝালকাঠি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার প্রতিনিধিদের কাছে এসব খেজুর হস্তান্তর করা হয়। এতে মোট ২০০ কেজি খেজুরের ৫৪টি ইয়াতিমখানার প্রতিনিধিদের মাঝে বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেগুফতা মেহনাজ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সৌদি সরকারের মানবিক সহায়তা সংস্থা ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’-এর মাধ্যমে বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে পাঠানো খেজুরের অংশ হিসেবে ঝালকাঠি সদর উপজেলায় এই খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০২৬ সালের পবিত্র রমজান উপলক্ষে সৌদি সরকার বাংলাদেশকে প্রায় ১০০ টন বা ১২ হাজার ৫০০ কার্টন উন্নতমানের খেজুর উপহার হিসেবে পাঠিয়েছে। এসব খেজুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার এতিমখানা, মাদ্রাসা এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেগুফতা মেহনাজ বলেন, পবিত্র রমজান উপলক্ষে সৌদি সরকারের দেওয়া এই উপহার ঝালকাঠি সদর উপজেলার এতিমখানা ও মাদ্রাসাগুলোর মধ্যে সুষ্ঠু ও স্বচ্ছভাবে বণ্টন করা হয়েছে। এতে করে রমজান মাসে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীরা ইফতারে উপকৃত হবে।
#




